
ছবি: সংগৃহীত
কম্বোডিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে ১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাজধানী নম পেনের মিয়ানচে জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২ মে) দেশটির সংবাদমাধ্যম ‘খিমার টাইমস’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানচে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স অনলাইন প্রতারণার একটি মামলার তদন্তে নামে। দীর্ঘ তদন্তের পর স্টুং মিয়ানচে ২ কমিউনের একটি বাসায় অভিযান চালায় তারা। ওই অভিযানেই সন্দেহভাজন ১২ বাংলাদেশিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বাসা থেকে বিপুল সংখ্যক ল্যাপটপ এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা ভুয়া ঋণের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীদের প্রলুব্ধ করত। লোন পাইয়ে দেওয়ার কথা বলে তারা বিভিন্ন প্রশাসনিক ফি আদায়ের নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।
গ্রেপ্তারকৃত ১২ বাংলাদেশিকে বর্তমানে স্থানীয় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কম্বোডিয়ার প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের আদালতে সোপর্দ করা হবে।