
মো. মোনায়েম খান। সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখাকে কেন্দ্র করে ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা মো. মোনায়েম খান, যিনি উপজেলার সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
শনিবার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহীন আলম জনির যৌথ স্বাক্ষরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে নেতাকর্মীদের।
উপজেলা ছাত্রদল সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে ফেসবুকে ওই স্লোগান লেখার পর থেকে মোনায়েম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি; তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। এরপরই সংগঠনটি বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।