
তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার মিলান
সান সিরোর গ্যালারি থেকে শুরু করে স্টেডিয়ামের বাইরের বাতাস—সবখানেই ম্যাচ শুরুর আগে থেকেই ছিল উৎসবের আমেজ। শিরোপা নিশ্চিত করতে ইন্টার মিলানের প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্ট, তবে সেই সমীকরণকে একপাশে সরিয়ে দারুণ জয়ে উৎসবের পূর্ণতা পেল ক্রিস্টিয়ান কিভুর শিষ্যরা।
রোববার রাতে ঘরের মাঠে পার্মাকে ২-০ গোলে হারিয়ে এক মৌসুম পর আবারও ইতালিয়ান সিরি ‘আ’ শিরোপা পুনরুদ্ধার করল নেরাজ্জুরিরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইন্টার। প্রথমার্ধেই সান সিরোকে উল্লাসে মাতান মার্কাস থুরাম; তার গোলেই লিড পায় স্বাগতিকরা। এরপর ম্যাচের শেষ দিকে অভিজ্ঞ হেনরিখ মিখিতারিয়ান লক্ষ্যভেদ করলে ইন্টারের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। প্রতিপক্ষ পার্মা ৩৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ১২তম স্থানে অবস্থান করছে।
ইতালির শীর্ষ লিগে এটি ইন্টার মিলানের ২১তম শিরোপা। এই সাফল্যের মাধ্যমে লিগের দ্বিতীয় সর্বোচ্চ সফল ক্লাব হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করল তারা। ৩৬টি শিরোপা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে জুভেন্টাস।
এবারের আসরে লিগের তিন রাউন্ড বাকি থাকতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ইন্টার। লিগে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে তাদের মোট সংগ্রহ ৮২ পয়েন্ট।
অন্যদিকে, সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির জন্য ইন্টারকে ছোঁয়া এখন অসম্ভব। টেবিলের তৃতীয় স্থানে আছে এসি মিলান (৬৭ পয়েন্ট) এবং চতুর্থ স্থানে রয়েছে জুভেন্টাস (৬৫ পয়েন্ট)। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে কোমো।
ইন্টারের এই রাজকীয় প্রত্যাবর্তনে এখন আনন্দ মিছিলে ভাসছে মিলান শহর।