
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
পুলিশের বর্তমান ইউনিফর্ম পরিবর্তন করে আবারও আগের পোশাকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার (৪ মে ২০২৬) সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র প্রথম সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের নতুন পোশাকটি সদস্যদের জন্য মানানসই নয় বলে প্রতীয়মান হয়েছে। তাই সদস্যদের মতামত বিবেচনায় নিয়ে পুলিশের ঐতিহ্যবাহী ড্রেসের একটি অংশ ফিরিয়ে আনার বিষয়ে সরকার ভাবছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শার্টের রং আগের মতোই থাকবে, মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং সারা দেশে নীল। তবে প্যান্টের রং হবে খাকি।
ব্রিফিংয়ে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা এবং যৌথ অভিযান পরিচালনার পদ্ধতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। ক্যাম্পগুলোতে নিরাপত্তা জোরদার এবং সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
এছাড়া জাতীয় সংসদের সদ্য সমাপ্ত অধিবেশন নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এবারের সংসদ অধিবেশন ছিল ইতিহাসের অন্যতম সফল। সরকারি ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক মতপার্থক্য থাকলেও কোনো বিতর্ক ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এটি সম্পন্ন হয়েছে।