
আটলান্টিক মহাসাগরে নেদ্যারলন্ডসভিত্তিক একটি প্রমোদতরিতে প্রাণঘাতী হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে অন্তত তিন জনের। রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও নিশ্চিত করেছে যে তাদের মরদেহ পরীক্ষাগারে পাঠানো হলে একজনের শরীরে নতুন এ ভাইরাস শনাক্ত হয়।
সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, আটলান্টিকগামী ওই জাহাজকে ঘিরে জনস্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতিতে তারা সহায়তা দিচ্ছে। এ ছাড়া আরও পাঁচজনের মধ্যে সংক্রমণের সন্দেহ রয়েছে। আক্রান্ত ছয়জনের মধ্যে তিনজন মারা গেছেন এবং একজন দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ল্যাবরেটরি পরীক্ষা ও মহামারি সংক্রান্ত অনুসন্ধানে নেমেছে। জাহাজের যাত্রী ও কর্মীদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। ভাইরাসের জিনগত বিশ্লেষণও শুরুর কথা জানিয়েছে সংস্থাটি।
সাধারণত ইঁদুরের বিষ্ঠা, লালা ও প্রস্রাব থেকে হান্টাভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। যদিও এটি বিরল, কিছু ক্ষেত্রে মানুষ থেকে মানুষের মাধ্যমেও ছড়াতে পারে বলছে ডব্লিউএইচও। এ ভাইরাস গুরুতর শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টি করতে পারে, তাই আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রয়োজন।