
ছবি: সংগৃহীত
দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৪ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৫৪ জন, যা মিলিয়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৪৬৭ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলমান সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন সন্দেহভাজন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।
মৃত্যুর হিসাবেও দেখা যাচ্ছে উদ্বেগজনক চিত্র। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে মারা গেছেন ২ জন, আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হাম রোগে মৃত্যু হয়েছে ৫২ জনের। পাশাপাশি, গত এক দিনে সন্দেহজনক হাম উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে, যা নিয়ে মোট সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।