
শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ভারতীয় কয়েকটি গণমাধ্যমে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৫টি আসনে এগিয়ে। বিপরীতে তৃণমূল কংগ্রেস এগিয়ে ৮৪টিতে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ায় বড় পরাজয়ের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।
এদিকে, বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির শীর্ষ নেতারা ইতোমধ্যে দাবি করেছেন—বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে এবং রাজ্যে সরকার গঠন করবে বিজেপি।
ফলাফলের এই প্রবণতায় ইতোমধ্যে বিজেপি নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। একই সঙ্গে শুরু হয়েছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত প্রমুখ।