
ফাইল ছবি
মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ভোগান্তি কমাতে একাধিক উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (৪ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে গণমাধ্যমকে মন্ত্রী বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এটি একটি দণ্ডনীয় অপরাধ, এবং যারা এ কাজে জড়িত তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আইনের আওতায় আনা হবে।
ঈদযাত্রাকে সামনে রেখে সম্ভাব্য চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি জানান, সড়ক দুর্ঘটনা ও ভোগান্তি কমাতে পর্যায়ক্রমে সড়ক ও মহাসড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
মন্ত্রী আরও বলেন, গত দুই মাসে সংসদে জমা পড়া বিভিন্ন উন্নয়ন চাহিদা বাস্তবায়নে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন হলেও বরাদ্দ পাওয়া যায় মাত্র প্রায় ৪০ হাজার কোটি টাকা। সীমিত বাজেটের মধ্যেও সড়ক প্রশস্তকরণসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।