
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান/ফাইল ছবি
তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া তথ্যমতে, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর বিশেষ আমন্ত্রণে ৫ থেকে ৭ মে এই সফর অনুষ্ঠিত হবে। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই ড. খলিলুর রহমানের প্রথম বেইজিং সফর।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, কৌশলগত সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে। বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফরকে ঢাকা-বেইজিং সম্পর্কের ধারাবাহিকতায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এর আগে গত ২০ এপ্রিল চীন সফর করেছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও সম্প্রতি দেশটি সফর করে। রাজনৈতিক ও কূটনৈতিক এই ধারাবাহিক যোগাযোগের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করবে বলে ধারণা করা হচ্ছে।