
যারা এগিয়ে মুখ্যমন্ত্রীর দৌড়ে
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পনেরো বছরের শাসনের অবসান হচ্ছে। আসছে ৯ মে রবীন্দ্র জয়ন্তীতে পশ্চিমবঙ্গে ক্ষমতা নেবে নতুন সরকার।
কিন্তু কে হচ্ছে বিজেপি’র মুখ্যমন্ত্রী?
নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা না করায়, জয়ের পর একাধিক নেতার নাম সামনে এসেছে। নির্বাচনী ফল, সংগঠনিক শক্তি এবং রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে কয়েকজন সম্ভাব্য মুখ নিয়ে চলছে জোর জল্পনা।
শুভেন্দু অধিকারী
সম্ভাব্য মুখ্যমন্ত্রীদের মধ্যে শুভেন্দু অধিকারীকে এগিয়ে রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ইতিমধ্যেই জায়ান্ট কিলার হিসেবে পরিচিতি পেয়েছেন মমতা বন্দোপাধ্যায়ের এক সময়কার এই বিশ্বস্ত সেনাপতি। বর্তমান বিরোধী দলনেতা হিসেবে তিনি বিজেপির লড়াইয়ের সামনের সারিতে ছিলেন। পূর্ব মেদিনীপুরে তার শক্ত ঘাঁটি এবং তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার অভিজ্ঞতা তাকে বিশেষভাবে এগিয়ে রাখছে।
তবে শুভেন্দু অধিকারীর কিছু দুর্বলতাও আছে। তারমধ্যে অন্যতম তিনি কট্টর হিন্দত্ববাদী নেতা। রাজ্যের একটা শ্রেণীর কাছে তার তেমন গ্রহণযোগ্যতা নেই।
শমিক ভট্টাচার্য
বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যও আলোচনায় রয়েছেন। তিনি দমদম উত্তর কেন্দ্র থেকে জিতেছেন। সংগঠন পরিচালনা, বুথ ম্যানেজমেন্ট এবং কৌশলগত পরিকল্পনায় তার দক্ষতা তাকে প্রশাসনিকভাবে শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে। এছাড়া সুবক্তা হিসেবেও তার ভালো পরিচিতি আছে।
দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ। বর্তমানে দলের সংসদ সদস্য। ২০১৯ সালের জাতীয় নির্বাচনে রাজ্যে বিজেপির উত্থানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার অভিজ্ঞতা ও জনসংযোগ তাকে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। এছাড়া তিনি বিজেপির আদর্শিক সংগঠন আরএসএস ঘনিষ্ট।
রূপা গাঙ্গুলি
অভিনয় জগত থেকে রাজনীতিতে আসা রূপা গাঙ্গুলিও মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন। অভিনয় জগতের পরিচিত মুখ হিসেবে তার জনপ্রিয়তা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি বিজেপির শহুরে ভোটব্যাঙ্কে তার প্রভাব এ দৌড়ে রূপা গাঙ্গুলিকে এগিয়ে রাখছে। বিজেপি যদি পশ্চিমবঙ্গে কোনো নারী নেত্রীকে মুখ্যমন্ত্রী করে সেক্ষেত্রে রূপা গাঙ্গুলি অনেকটাই এগিয়ে থাকবেন।
অগ্নিমিত্রা পাল
নতুন প্রজন্মের প্রতিনিধি অগ্নিমিত্রা পাল নারী বিষয়ক ইস্যুতে সক্রিয় এবং মিডিয়ায় তার উপস্থিতি ব্যাপক। মুখ্যমন্ত্রী পদে বিজেপি তরুণ নেতৃত্ব বেছে নিলে অগ্নিমিত্রা পাল সেক্ষেত্রে এগিয়ে থাকবেন।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল