
চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে
আগামী ৭ মে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ভারতের রাজনীতিতে ঝড় তোলা অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় থালাপতি। চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে ৬ মে তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলেও জানা গেছে। খবর এএনআই।
তবে বিজয়ের টিভিকে-এর সরকার গঠন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। কারণ শুধু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর সমর্থনে বিজয়ের দল সরকার গঠন করতে পারবে না, কারণ কংগ্রেসের মাত্র পাঁচজন বিধায়ক রয়েছে—যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট নয়।
ওদিকে টিভিকে’র নেতারা বলছেন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়টি বিজয় ‘সমাধান করে নেবেন’ এবং শিগগিরই ভালো খবর আসবে।
তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দলে পরিণত হয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের থেকে মাত্র ১০টি কম। ফলে সরকার গঠনে জোট বা বাইরের সমর্থন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অন্যদিকে, দ্রাবিড় মুনেত্র কাঝাগম (ডিএমকে)-নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৩টি আসন, আর অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাঝাগম (এআইএডিএমকে) নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৫৩টি আসন।
এখন সবার নজর সরকার গঠনের দিকে—টিভিকে কীভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়, তা নিয়ে চলছে জোর আলোচনা ও দরকষাকষি।