
সংগৃহীত ছবি
তামিল সিনেমা ও রাজনীতির আলোচিত মুখ সি জোসেফ বিজয়কে (থালাপতি বিজয়) ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ‘জানা নায়াগান’ সিনেমা। শুটিং সেট থেকে অভিনেত্রী পূজা হেগড়ে ইনস্টাগ্রামে রিল ও ছবি শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়।
রিলে পূজাকে ‘নির্বাচনে কে জিতবে?’ প্রশ্নের ইঙ্গিত দিতে দেখা যায়, পরে তিনি বিজয়ের পাশে দাঁড়ালে বিজয় লাজুক ভঙ্গিতে মুখ লুকান। ক্যাপশনে পূজা লেখেন, “মনে হচ্ছে আগেই বলে দিয়েছিলাম? স্বপ্নপূরণের জন্য শুভেচ্ছা।” এছাড়া একটি ছবিতে বিজয়ের সঙ্গে হাসিমুখে পোজ দিয়ে তাঁকে অভিনন্দনও জানান তিনি।
এদিকে তামিলনাড়ুর নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তবুও রাজনৈতিক অঙ্গনে বিজয়ের অভিষেক ঘিরে উত্তেজনা তুঙ্গে।
নির্বাচনী সাফল্যের পর রজনীকান্ত, কমল হাসান, রাশমিকা মান্দানা ও এ আর রহমানসহ একাধিক তারকা বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে, ‘জানা নায়াগান’ সিনেমাটি এখনো সেন্সর ছাড়পত্র পায়নি। প্রযোজনা প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় বোর্ডের আইনি জটিলতার কারণে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে রয়েছে।