
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৭) মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে। সেখান থেকে আরেকটি ফ্লাইট যোগে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির মরদেহ পৌঁছানোর কথা রয়েছে।
পুরো প্রক্রিয়াটি মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট তত্ত্বাবধান করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে ওয়াশিংটনের দূতাবাস প্রয়োজনীয় সমন্বয় করছে।
এদিকে, আজ বুধবার (৬ মে) স্থানীয় সময় দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য ও সহপাঠীরা অংশ নেবেন।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণারত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজের বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ তদন্তে নামে।
এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ নামক এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি ব্রিজের কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় বৃষ্টির নিথর দেহও উদ্ধার করে পুলিশ।
মেধাবী এই দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক পরিণতিতে দেশে এবং প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।