
শুভেন্দু অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম। আগামী শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে দলীয় নেতা হিসেবে নির্বাচিত করা হতে পারে।
সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, বৈঠকে তার নাম প্রস্তাব করবেন বিজেপির রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনসভা দলের নেতা হিসেবে তার নাম ঘোষণা করবেন। এতে মুখ্যমন্ত্রী হওয়ার পথ সুগম হবে।
সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ শেষে ৪ মে ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে পরাজিত হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানিপুর আসনে সরাসরি লড়াইয়ে শুভেন্দুর কাছে ১৫ হাজারের বেশি ভোটে হারেন মমতা। একইসঙ্গে নন্দীগ্রাম আসনেও জয় পান শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী, তিনি আগামী ১০ দিনের মধ্যে একটি আসন ছেড়ে দেবেন।
সব কিছু ঠিক থাকলে আগামী ৯ মে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু। এদিকে, সম্ভাব্য এই দায়িত্ব গ্রহণের আগে দলীয় কর্মী-সমর্থকদের কোনো ধরনের উৎসব না করার আহ্বান জানিয়েছেন তিনি।