
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার শারীরিক অবস্থা এখন পুরোপুরি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (০৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে শায়রুল কবির বলেন, মির্জা আব্বাস এখন পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। তিনি এখন আগের চেয়ে অনেক বেশি সতেজ। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সব ঠিক থাকলে পবিত্র ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, উন্নত ফিজিওথেরাপির জন্য গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। বর্তমানে তিনি সপরিবার সেখানে অবস্থান করছেন। মির্জা আব্বাস এখন স্বাভাবিকভাবে খাবার গ্রহণ ও চলাফেরা করতে পারছেন এবং নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি নিচ্ছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাথায় একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান এবং সেখান থেকে বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।
তার পরিবার ও দলীয় নেতা-কর্মীরা মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।