
তামিলগা ভেট্ট্রি কাজগামের (টিভিকে) প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয় থালাপতি
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশের পর বিপুল ব্যবধানে জয় পেলেও এখনই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারছেন না তামিলগা ভেট্ট্রি কাজগামের (টিভিকে) প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয় থালাপতি।
দেশটির গণমাধ্যম বলছে, বিজয়ের দল ‘টিভিকে’ যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করেছে– তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনও সেটি নিশ্চিত নন। আর সে জন্যই পিছিয়েছে শপথ।
কংগ্রেস এরইমধ্যে বিজয়ের দলকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে এবং অন্যরাও যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে বিজয়ের দলের আরও এক-দুই দিন সময় লাগতে পারে।
জানা গেছে, রাজ্যপাল ইতোমধ্যে তামিলনাড়ু বিধানসভা ভেঙে দিয়েছেন। পরে তিনি কেরালার উদ্দেশ্যে রওনা হন, সেখানেও তিনি রাজ্যপালের দায়িত্ব পালন করছেন।
বুধবার (৬ মে) রাজ্যপালের সঙ্গে এক বৈঠকে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছিলেন বিজয়।
জানা গেছে, টিভিকে-র সাধারণ সম্পাদক আধব অর্জুনও তাদের আইনি দলকে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন।
১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া টিভিকে-এর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ১১৮টি আসনের প্রয়োজন। কংগ্রেসের পাঁচটি আসনসহ এই সংখ্যা বেড়ে ১১২ হয়েছে, যেখানে বিজয়ের জেতা দুটি আসনের মধ্যে একটি বাদ দেয়া হয়েছে। এর ফলে, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য টিভিকে-কে আরও ছয়টি আসন পূরণ করতে হবে।
পরবর্তী স্বাভাবিক পদক্ষেপ হলো বিজয়ের জন্য বিধানসভায় তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা। তবে কংগ্রেস ছাড়াও নির্দলীয়সহ আর কারা বিজয়ের দলে যোগ দেবেন, সে বিষয়ে এখনও কোনো স্পষ্টতা নেই।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প