
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় ধাপে ধাপে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখা হবে না। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং পুলিশ বাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জনমনে বিশ্বাস তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চলমান আইনশৃঙ্খলা অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযানে প্রতিনিয়ত দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নয় উল্লেখ করে তিনি বলেন, সঠিকভাবে তালিকা প্রণয়ন করেই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কোথাও কোথাও যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, আবার আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এককভাবেও অভিযান চালাচ্ছে। এসব অভিযানের দৃশ্যমান অগ্রগতি রয়েছে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।