
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার (১২ মে) থেকে দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এই সিদ্ধান্তের কথা জানান।
হেলাল উদ্দিন বলেন, আসন্ন ঈদুল আজহার কেনাকাটার কথা বিবেচনা করে আমরা সরকারের কাছে দোকানপাট সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত খোলা রাখার আবেদন জানিয়েছিলাম। আমাদের সেই আবেদনের প্রেক্ষিতে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।
তিনি জানান, দোকান খোলার সময় বাড়ানো হলেও বিপণিবিতানগুলোতে যেন কোনো ধরনের অতিরিক্ত আলোকসজ্জা বা বাড়তি বিদ্যুৎ ব্যবহার করা না হয়, সরকারের পক্ষ থেকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের এই নিয়ম মেনে চলার জন্য তিনি আহ্বান জানান।
এর আগে দেশে চলমান জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয় করতে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সব দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছিল সরকার। পরবর্তীতে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা সময় বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়েছিল। এখন ঈদের উৎসবের কথা মাথায় রেখে সময় আরও ৩ ঘণ্টা বাড়িয়ে নতুন এই সময়সীমা নির্ধারণ করা হলো।