
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর ঘিরে ওঠা ফিক্সিং অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি মালিক ও টিম ম্যানেজারসহ মোট পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধিমালা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ গঠনের পর তাদের সাময়িকভাবে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
বিসিবির ইনটেগ্রিটি ইউনিটের তদন্তে অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ এবং আরেক টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী। তদন্তে উঠে এসেছে, অমিত মজুমদার ও রেজওয়ান কবির সিদ্দিকী সরাসরি ম্যাচের ফলাফল ও পরিস্থিতি নিয়ে বাজির সঙ্গে জড়িত ছিলেন।
অন্যদিকে লাবলুর রহমান ও তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়া, তথ্য গোপন এবং প্রমাণ নষ্টের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
বিসিবি জানিয়েছে, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা অভিযোগের জবাব দিতে পারবেন। তদন্ত প্রক্রিয়া চলাকালে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বোর্ড।
এদিকে, বিপিএলের আগের তিন আসরে ম্যাচ সংশ্লিষ্ট দুর্নীতি ও বেটিং সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগের দায়ে সামিনুর রহমানকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় তিনি এই শাস্তিও মেনে নিয়েছেন।