
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আশায় বিশ্ববাজারে সোনার দাম আরও বেড়েছে। বৃহস্পতিবার (৭ মে) মূল্যবান এই ধাতুর দাম বেড়ে গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূলত ডলারের দরপতন এবং তেলের দাম কমে যাওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এ ধাতুটির চাহিদা আরও বেড়েছে। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৩৫ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থান। একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার প্রাইস ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৭৪৫ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তেলের দাম কমায় বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও সুদহার বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে, যার ফলে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে আবারও সোনার দিকে ঝুঁকছেন।
এছাড়া মার্কিন ডলারের মান দুর্বল হওয়াও সোনার বাজার চাঙ্গা করতে বড় ভূমিকা রেখেছে। বিশ্লেষকরা বলছেন, ডলারের দরপতন হলে অন্যান্য মুদ্রাধারীদের জন্য সোনা কেনা তুলনামূলক সস্তা হয়ে যায়, যা বিশ্ববাজারে এর চাহিদা ও দাম বাড়িয়ে দেয়।