
স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে প্রায় ২ হাজার ১৮৬ কোটি টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ অনুসরণ করে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ৮-৯ জুন, ৯-১০ জুন এবং ১৪-১৫ জুনের মধ্যে এলএনজির চালানগুলো দেশে পৌঁছাবে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড, বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এসব এলএনজি আমদানি করা হবে।