
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর পরিস্থিতি বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ ও বাড়তি সতর্কতার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম দাবি করেন, সেখানে সংখ্যালঘু ও মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে এবং তারা নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি বলেন, প্রতিবেশী দেশের এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তবে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাম্প্রদায়িক উসকানিতে বিভ্রান্ত না হয়ে সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান এনসিপি নেতা।
বক্তব্যে বিএনপিরও কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, নির্বাচনের আগে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও ভোটের পর দলটির প্রকৃত অবস্থান প্রকাশ পেয়েছে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও জুলাই গণহত্যার বিচার বাস্তবায়নের দায়িত্ব এখন এনসিপিকেই নিতে হবে।
এ সময় দেশে হামের প্রকোপ বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, চিকিৎসার অভাবে যেন আর কোনো শিশুর মৃত্যু না হয়।