
নিহত দিপালী আক্তার/সংগৃহীত ছবি
লেবাননের বৈরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।
বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ ১৩ বছর প্রবাসে থাকার পর দিপালী আক্তারের নিথর দেহ যখন বিমানবন্দরে পৌঁছায়, তখন সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মরদেহ গ্রহণ শেষে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “সরকার সবসময় তার পরিবারের পাশে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধ্যপ্রাচ্যে প্রবাসী ভাই-বোনদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।” তিনি দিপালীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে এ পর্যন্ত আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে দিপালীসহ ছয়জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। বাকি দুজনের মধ্যে একজনের দাফন সৌদি আরবে সম্পন্ন হয়েছে এবং অন্যজনের মরদেহ ফ্লাইট জটিলতার কারণে ইরাক থেকে আনতে কিছুটা সময় লাগছে। যুদ্ধাবস্থার কারণে বিভিন্ন দেশের আকাশপথ ও কূটনৈতিক নিয়ম মেনে মরদেহ আনতে বিলম্ব হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ফরিদপুরের মেয়ে দিপালী আক্তার ২০১১ সালে জীবিকার তাগিদে লেবাননে পাড়ি জমিয়েছিলেন। গত ৮ এপ্রিল বৈরুতের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয় রফিক হারিরি হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। গতকাল রাতে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।