
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত রায়ে মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফেরত দিতে এবং ভবিষ্যতে তাদের ওপর এ শুল্ক কার্যকর না করার নির্দেশ দিয়েছে।
আদালত জানিয়েছে, ১৯৭৪ সালের ট্রেড আইন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের এই শুল্ক আরোপের যথেষ্ট আইনি ভিত্তি ছিল না। সরকারের দাবি করা বাণিজ্য ঘাটতির পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেনি, যা জরুরি ভিত্তিতে এ ধরনের শুল্ক আরোপকে বৈধতা দিতে পারে।
রায়ে আরও বলা হয়, মামলার সঙ্গে সংশ্লিষ্ট আমদানিকারকদের কাছ থেকে এই শুল্ক আদায় অবিলম্বে বন্ধ করতে হবে। তবে আপাতত এ সিদ্ধান্ত শুধু মামলাকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য আমদানিকারকদের জন্য জুলাই পর্যন্ত শুল্ক কার্যকর থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন। কিন্তু আদালতের মতে, এই ক্ষেত্রে সেই শর্ত পূরণ হয়নি। ফলে প্রশাসনের পদক্ষেপ আইনি বৈধতা হারিয়েছে।
এ রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা আরও সীমিত হয়ে পড়েছে। যদিও প্রশাসন বিকল্প হিসেবে দেশভিত্তিক নতুন শুল্ক কৌশল বিবেচনা করছে বলে জানা গেছে।
এদিকে, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও ট্রাম্পের বিস্তৃত শুল্ক নীতির কিছু অংশ অবৈধ ঘোষণা করেছিল।
বিশ্লেষকদের মতে, ধারাবাহিক আইনি চ্যালেঞ্জে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে শুল্ক আরোপের ক্ষমতা আরও সীমিত হতে পারে।