
সংগৃহীত ছবি
রাজধানীতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরে বিভিন্ন দল ও পেশার তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। শুক্রবার সকালে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের বরণ করে নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
দলে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মী, চাকরিজীবী, উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়ী ও চাকরিপ্রত্যাশীরা রয়েছেন।
এনসিপি নেতারা জানান, খুব শিগগিরই উত্তরার সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক দলটির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’তে যোগ দেবেন। ধারাবাহিকভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততায় দলের সাংগঠনিক শক্তি আরও বিস্তৃত হচ্ছে বলেও দাবি করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের অন্যান্য নেতারা।