
ছবি: সংগৃহীত
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আরও সাতজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ছয়জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।
শুক্রবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহভাজন হামে প্রাণ হারিয়েছেন আরও ২৮৫ জন।
আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৯০ জন। অন্যদিকে, সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৭১০ জনে দাঁড়িয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩২ হাজার ৮৬২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ১৫২ জন।
পরিসংখ্যান অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। নিশ্চিত হামে ঢাকায় সর্বোচ্চ ৩৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৭, বরিশালে ৬, সিলেটে ৩ এবং ময়মনসিংহ ও রাজশাহীতে ২ জন করে মারা গেছেন।
এছাড়া সন্দেহভাজন হামে মৃত্যুর ক্ষেত্রেও ঢাকা বিভাগ শীর্ষে, যেখানে ১৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ৭৮, চট্টগ্রামে ২৫, সিলেটে ২১, খুলনায় ১৬, বরিশালে ১২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত হামের টিকা দেওয়া এবং কোনো ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।