
থালাপতি বিজয়
তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কংগ্রেস, সিপিআই, সিপিএম ও স্থানীয় দল ভিসিকের সমর্থন পাওয়ার দাবি করলেও থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগামকে (টিভিকে) সরকার গঠনের আমন্ত্রণ জানাননি রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার। তাঁর দাবি, বিজয় এখনও সংখ্যাগরিষ্ঠতার নির্ভরযোগ্য প্রমাণ দিতে পারেননি। ফলে শনিবার সম্ভাব্য শপথ অনুষ্ঠানও হচ্ছে না।
সোমবার ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলে টিভিকে ১০৮টি আসন পেয়ে এককভাবে সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে। তবে বিজয় দুটি আসনে জয় পাওয়ায় কার্যত দলের বিধায়কসংখ্যা দাঁড়ায় ১০৭। ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।
এই ঘাটতি পূরণে কংগ্রেস, সিপিআই, সিপিএম ও ভিসিকে বিজয়কে সমর্থনের ঘোষণা দেয়। কংগ্রেসের পাঁচ বিধায়ক এবং বাম ও ভিসিকের ছয় বিধায়কের সমর্থনে বিজয়ের পক্ষে ১১৮ জনের সমর্থন রয়েছে বলে দাবি করা হয়। তবে রাজ্যপাল সেই সমর্থনের আনুষ্ঠানিক ও সন্তোষজনক প্রমাণ চান।
রাজ্যপালের সঙ্গে সরকার গঠনের বিষয়ে বিজয় এর আগেও তিনবার বৈঠক করেছেন। কিন্তু প্রতিবারই তাঁকে প্রয়োজনীয় সমর্থনের চিঠি দেখাতে বলা হয়। তামিলনাড়ুর রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, বিজেপির প্রভাবেই রাজ্যপাল সিদ্ধান্ত নিতে দেরি করছেন।
এদিকে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকেও সরকার গঠনের সম্ভাব্য সমীকরণ নিয়ে আলোচনায় বসেছে বলে জানা গেছে। অন্যদিকে বাম নেতারা বলছেন, বিজেপির পরিকল্পনা ঠেকাতেই তারা বিজয়ের পাশে দাঁড়িয়েছেন।
তবে নাটকীয় মোড় আসে শুক্রবার রাতে। এনডিটিভির খবরে বলা হয়, আইইউএমএল ও একটি আঞ্চলিক দলের কয়েকজন বিধায়ক বিজয়কে সমর্থন করতে পারেন। কিন্তু পরে ওই দলগুলো চিঠি দিয়ে জানায়, তারা টিভিকেকে সমর্থন করছে না।
তামিলনাড়ু বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ১০ মে। তার আগে সরকার গঠন না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির আশঙ্কা তৈরি হয়েছে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল