
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ ঘিরে তৈরি হয়েছে এক অনন্য উন্মাদনা। এবারের আসরটি যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ফিফা জানিয়েছে, এই তিন স্বাগতিক দেশেই আলাদা তিনটি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে থাকবে বিশেষ উদ্যাপন।
দর্শকদের স্টেডিয়ামে বাড়তি বিনোদন দিতে এবং আগেভাগে মাঠে নিয়ে আসতে প্রতিটি উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে স্বাগতিক দেশগুলোর প্রথম ম্যাচের প্রায় ৯০ মিনিট আগে।
মেক্সিকো: ১১ জুন, ২০২৬
বিশ্বকাপের পর্দা উঠবে মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেক্সিকো। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন মেক্সিকান ব্যান্ড মানা (Maná), গায়ক আলেহান্দ্রো ফারনান্দেজ, জনপ্রিয় গায়িকা বেলিন্ডা এবং দক্ষিণ আফ্রিকান সেনসেশন টাইলা লরা। এছাড়া পারফর্ম করবে বিখ্যাত গ্রুপ লস অ্যাঞ্জেলস আজুলেস।
কানাডা: ১২ জুন, ২০২৬
কানাডার টরন্টোতে স্বাগতিকরা তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। এই আসর মাতাতে মঞ্চে উঠবেন কানাডার গর্ব মাইকেল বাবল, অ্যালানিস মরিসেটে এবং অ্যালেসিয়া কারা।
যুক্তরাষ্ট্র: ১২ জুন, ২০২৬ (বাংলাদেশ সময় ১৩ জুন)
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে স্বাগতিক দল মুখোমুখি হবে প্যারাগুয়ের। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশ্ববিখ্যাত পপ তারকা ক্যাটি পেরি। তার সঙ্গে আরও থাকছেন প্যারাগুয়ের গায়িকা রেমারা, র্যাপার ডিমুন ক্যাশ এবং ডিজে সঞ্জয়।
আন্তর্জাতিক তারকাদের মেলা
ফিফার পরিকল্পনায় আরও বেশ কয়েকজন বিশ্বখ্যাত শিল্পী যুক্ত রয়েছেন যারা বিভিন্ন দেশের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। এই তালিকায় রয়েছেন ব্ল্যাকপিঙ্ক খ্যাত লিসা, কলম্বিয়ান তারকা জে বালভিন, ব্রাজিলের অ্যানিতা, ভেনিজুয়েলার ড্যানি ওসেন, ইলিয়ানা এবং ভেজেড্রিম।
আগামী ১১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে, যা ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার মোট ১৬টি শহরে অনুষ্ঠিত হবে।