
প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুলিশের প্রতি জনগণের আস্থা পুনর্গঠন এবং স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দীর্ঘ দেড় দশক পর দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ এখন ভয়, গুম ও অপহরণমুক্ত একটি রাষ্ট্র প্রত্যাশা করছে।
শনিবার (৯ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর বিকল্প নেই। তবে দায়িত্ব পালনে সফল হতে হলে পুলিশের সঙ্গে জনগণের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা জরুরি।
তারেক রহমান বলেন, একটি পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ সপ্তাহ জনগণের বিশ্বস্ত বাহিনী হিসেবে নিজেদের গড়ে তোলার অঙ্গীকার আরও দৃঢ় করবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ন্যায়ভিত্তিক ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করছে। তবে জনমনে নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এখন সরকারের অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের পেশাদার ভূমিকা তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদান আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মর্যাদা বাড়িয়েছে।
পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।