
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংগৃহীত ছবি
পুলিশ বাহিনীর সততা, পেশাদারি ও শৃঙ্খলার ওপর রাষ্ট্রের স্থিতিশীলতা ও সুশাসনের অনেকটাই নির্ভর করে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বাংলাদেশ পুলিশের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শনিবার (১০ মে) শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, জাতীয় বিভিন্ন আয়োজন ও সংকটকালীন পরিস্থিতিতে পুলিশের পেশাদার, নিরপেক্ষ ও জনবান্ধব ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ দক্ষতা ও সততার পরিচয় দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে অপরাধের ধরন আরও জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। সাইবার স্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা, চরিত্রহনন, জঙ্গিবাদ, মাদক ও মানবপাচারের মতো অপরাধ সংঘটিত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং জোরদার, সেবামুখী মানসিকতা গড়ে তোলা এবং মানবাধিকার রক্ষার মাধ্যমে পুলিশ-জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান রাষ্ট্রপতি।