
আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা ও সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। সংগৃহীত ছবি
রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বাইফার পঞ্চম আসর। শোবিজ তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে চলচ্চিত্র, নাটক, ওটিটি ও সংগীত অঙ্গনের শিল্পী–কলাকুশলীদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় বরেণ্য অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা ও সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের হাতে।
চলচ্চিত্র বিভাগে জুরিবোর্ডের বিচারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। এ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন ‘শরীফুল রাজ’। অন্যদিকে সাবা সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘মেহজাবীন চৌধুরী’। সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন ‘রেদওয়ান রনি’। জনপ্রিয় বিভাগে দম সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো এবং জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সাবিলা নূর।
নাটক বিভাগে ‘ফ্যামিলি ম্যান’ নাটকের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ফারহান আহমেদ জোভান। ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তানজিন তিশা। জনপ্রিয় বিভাগে ‘এটা আমাদেরই গল্প’ থেকে সেরা অভিনেতা হয়েছেন খায়রুল বাসার এবং সেরা অভিনেত্রী হয়েছেন কেয়া পায়েল।
ওটিটি বিভাগে ‘বোহেমিয়ান ঘোড়া’–এর জন্য সেরা অভিনেতা হয়েছেন মোশাররফ করিম। একই কাজের জন্য ব্রেকথ্রু সম্মাননা পেয়েছেন রুনা খান। সংগীত বিভাগে যৌথভাবে সেরা শিল্পীর স্বীকৃতি পেয়েছেন দিলশাদ নাহার কনা ও সোমনুর মনির কোনাল।
এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল শিশুতোষ চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’–এর ট্রেলার উন্মোচন। পাশাপাশি ২৯টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানজুড়ে নৃত্য, গান ও ফ্যাশন শো পরিবেশন করেন দেশের জনপ্রিয় তারকারা।