
পপ তারকা ডুয়া লিপা
বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপার অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে টেলিভিশন বাজারজাত করার অভিযোগে প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে গত শুক্রবার এই মামলাটি করেন গায়িকা। মামলায় স্যামসাংয়ের কাছে ১৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকা) ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে স্যামসাং তাদের টেলিভিশনের কার্ডবোর্ড প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি ব্যবহার করে আসছিল। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, অস্টিন সিটি লিমিট ফেস্টিভ্যালের ব্যাকস্টেজে তোলা একটি ছবি অনুমতি ছাড়াই বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। ছবিটির কপিরাইটও ডুয়া লিপার নিজের বলে দাবি করা হয়েছে।
ডুয়া লিপার আইনজীবীদের মতে, গায়িকার জনপ্রিয়তাকে পুঁজি করে স্যামসাং তাদের পণ্যের প্রচার চালিয়েছে, যা সরাসরি ভোক্তাদের কেনার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কিছু মন্তব্যও আদালতে পেশ করা হয়েছে। অনেক ভক্ত মন্তব্য করেছেন যে, বক্সে ডুয়া লিপার ছবি দেখেই তারা টেলিভিশনটি কিনতে উৎসাহিত হয়েছেন।
মামলায় বলা হয়েছে, ডুয়া লিপা নিজেকে একটি ‘প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যেকোনো পণ্যের মডেল হওয়ার আগে তিনি নিজে তা যাচাই করেন। অনুমতি ছাড়া এই প্রচারণা তাঁর ব্যক্তিগত ব্র্যান্ড ইমেজের জন্য ক্ষতিকর। স্যামসাংয়ের পক্ষ থেকে এখনো এই মামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।