
সংগৃহীত ছবি
শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ লিখিত জবাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। তবে জবাবে ঠিক কী বলা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব বিনিময় করলেও এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। গত সপ্তাহে ওয়াশিংটন তেহরানের কাছে ১৪ দফার নতুন প্রস্তাব পাঠায় এবং শুক্রবারের মধ্যে জবাব আশা করেছিল।
এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র শুক্রবার ইরানের পতাকাবাহী দুটি ট্যাংকার অচল করার দাবি করে, অন্যদিকে ইরান ওমান উপসাগরে একটি তেলের ট্যাংকার জব্দের কথা জানায়।
এদিকে ইসলামাবাদ থেকে আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার জানান, পাকিস্তানও ইরানের জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, বার্তা পাওয়ার পর ওয়াশিংটন থেকে কী প্রতিক্রিয়া আসে, তার ওপরই নির্ভর করছে এই সংঘাত নিরসনের ভবিষ্যৎ।
মার্কিন প্রস্তাব নিয়ে তেহরানের প্রতিক্রিয়া ইতোমধ্যে ইসলামাবাদের হাতে পৌঁছেছে বলে জানিয়েছে পাকিস্তানি সূত্র।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে ইসলামাবাদে দীর্ঘ বৈঠক হলেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
সূত্র: রয়টার্স।