
ফাইল ছবি
দেশের দিকে এগিয়ে আসছে নতুন একটি বৃষ্টি বলয়। আবহাওয়া পর্যবেক্ষক দল বিডব্লিউওটি জানিয়েছে, আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।
বিডব্লিউওটি জানিয়েছে, ১২ মে থেকে ২০ মে পর্যন্ত বৃষ্টি বলয়টি সক্রিয় থাকতে পারে। তবে এটি টানা বৃষ্টি না হয়ে বিরতি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রভাব ফেলতে পারে।
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু এলাকায়। সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে এসব এলাকায় দীর্ঘস্থায়ী বা বড় পরিসরের বৃষ্টির সম্ভাবনা কম।
অন্যদিকে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে বৃষ্টি বলয়ের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে। যদিও বিচ্ছিন্নভাবে দু-একদিন হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।