
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতারকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের মতো দেশকে কাঁটাতার দিয়ে ভয় দেখানোর কোনো সুযোগ নেই।
হুমায়ুন কবির বলেন, অতীতে শেখ হাসিনা সরকারের সময় সীমান্তে গুলি করে হত্যা ও কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো ঘটনা ঘটেছে। তবে ভবিষ্যতে সীমান্তে এমন পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, বাংলাদেশ এখন আর “গোলামির বাংলাদেশ” নয় এবং প্রয়োজনীয় পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। তবে বিভিন্ন চ্যালেঞ্জ থাকবেই উল্লেখ করে তিনি বলেন, দেড় হাজার মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি যাতে ভারত থেকে বাংলাদেশবিরোধী কোনো কর্মকাণ্ড চালাতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারকে জানানো হয়েছে বলেও দাবি করেন এই উপদেষ্টা।
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ মূলত ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে এবং অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না।
এদিকে সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে তিনি জানান, সফরটি সফল হয়েছে এবং তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। পাশাপাশি চীনের এক্সিম ব্যাংক অব চায়না অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।