
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১১ মে) সচিবালয়ে লবণ চাষিদের জীবনমান উন্নয়নসংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।
মন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ চাষিদের উৎপাদন খরচ পর্যালোচনা করছে, যাতে তারা ন্যায্য মূল্য পান। একই সঙ্গে দেশে শিল্প ও ভোজ্য লবণের চাহিদা বিবেচনায় আমদানির প্রয়োজনীয়তাও যাচাই করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে দেশ লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং চাষিরা ক্ষতির মুখে না পড়েন।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক সার্বভৌম সমতার ভিত্তিতে পরিচালিত হয়। ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলে না।
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের ঘটনার কোনো নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়েছে—এমন তথ্য এখন পর্যন্ত সরকার পায়নি বলেও জানান তিনি।