
নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম/সংগৃহীত ছবি
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
নিহতরা হলেন শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম। শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকায়। তার বাবার নাম আফসার আলী ও মায়ের নাম আজেয়া খাতুন। অন্যদিকে নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনির কাদাকাটি এলাকায়। তার বাবার নাম আব্দুল কাদের ও মায়ের নাম নুরুন্নাহার খাতুন।
সংবাদমাধ্যম ‘লরিয়েন্ট টুডে’র প্রতিবেদন অনুযায়ী, নাবাতিয়ের ওই এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। সে সময় সেখানে কাজ করছিলেন শফিকুল ও নাহিদুল। হামলায় ওই ভবনে থাকা তিনজনের মৃত্যু হয়, যাদের মধ্যে দুজনই বাংলাদেশি। এর আগে সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও দূতাবাসের বরাত দিয়ে এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
নিহত দুই প্রবাসীর মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি সরকারি হাসপাতালে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাস নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে।
উল্লেখ্য, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বাড়ার পর থেকেই প্রবাসী বাংলাদেশিরা চরম ঝুঁকিতে রয়েছেন। এর আগে গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হয়েছিলেন।