
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১
রাজবাড়ীতে প্রায় ৭ বছর এক পল্লী চিকিৎসককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং সাবেক এক চেয়ারম্যানসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম মঙ্গলবার (১২ মে) এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন—বাবলু সরদার, টেকন সরদার ও গাজীয়ার সরকার। আর রাজবাড়ীর দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, রায়হান সরদার, হাবিবুর রহমান ওরফে হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মণ্ডলকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।
এ মামলার ২১ আসামির মধ্যে বাকি ১২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দিয়েছেন বলে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামসুদ্দিন জুম্মন জানিয়েছেন।