
নিহত শুভ কুমার দাস।
লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘাতের ভয়াবহতায় আরও এক বাংলাদেশি প্রবাসীর প্রাণহানি ঘটেছে। ইসরায়েলি ড্রোন হামলায় এবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার শুভ কুমার দাস (২৮) নিহত হয়েছেন। এ নিয়ে গত কয়েক দিনের ব্যবধানে লেবাননে হামলায় সাতক্ষীরা জেলার মোট তিনজন রেমিট্যান্স যোদ্ধা প্রাণ হারালেন।
সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় ড্রোন হামলার শিকার হন শুভ। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও সরকারিভাবে এখনও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন স্বজনরা।
নিহত শুভ কুমার দাস কলারোয়ার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। তিন বছর আগে পরিবারের অভাব দূর করতে লেবাননে গিয়েছিলেন তিনি। সেখানে একটি বাগানবাড়ি দেখাশোনার কাজ করতেন এবং নিয়মিত টাকা পাঠিয়ে সংসারের হাল ধরেছিলেন। শুভর অকাল মৃত্যুর খবরে পুরো গ্রামে এখন শোকের ছায়া নেমে এসেছে।
একই দিনে লেবাননের নাবাতিহ জেলায় পৃথক হামলায় সাতক্ষীরার আরও দুই সন্তান নিহত হয়েছেন। তারা হলেন—সদর উপজেলার শফিকুল ইসলাম (৪০) ও আশাশুনির মো. নাহিদুল ইসলাম (২০)। বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সোমবার দুপুরে নিজ আবাসস্থলে অবস্থানকালে বিমান হামলায় তারা প্রাণ হারান। শফিকুল মাত্র দুই মাস আগে বড় স্বপ্ন নিয়ে লেবানন গিয়েছিলেন।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল জানিয়েছেন, জেলার তিনজন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম জানিয়েছেন, শুভ কুমারের মরদেহ দেশে ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করা হবে।