
ফাইল ছবি
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত এই আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের কূটনৈতিক মধ্যস্থতার ভূয়সী প্রশংসা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় সংলাপ শুরু করতে পাকিস্তান যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, চীন তার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।
আলোচনায় উভয় পক্ষই একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। এছাড়া বিশ্ব অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালির মাধ্যমে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার বিষয়েও দুই নেতা একমত পোষণ করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সংকটে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা বিশ্বশান্তি রক্ষায় অত্যন্ত জরুরি।
ফোনালাপে আঞ্চলিক বিষয়ের পাশাপাশি চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন এবং উচ্চপর্যায়ের সফরের বিষয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে বেইজিং ও ইসলামাবাদ একে অপরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।
উল্লেখ্য, গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। বর্তমানে সরাসরি আলোচনার দ্বিতীয় দফা শুরুর লক্ষ্যে ইসলামাবাদ দুই পক্ষের মধ্যেই প্রস্তাব আদান-প্রদান চালিয়ে যাচ্ছে। তবে পারমাণবিক ইস্যুতে ইরান তার অবস্থানে অনড় থাকায় এবং যুক্তরাষ্ট্র কঠোর হওয়ায় সংঘাতের স্থায়ী সমাধান এখনও অনিশ্চিত।