
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ার দাম ৩ টাকা বাড়ানো হয়েছে। বুধবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন নির্ধারিত দামে ঢাকা মহানগরে লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকায় বিক্রি হবে। গত বছরের তুলনায় প্রতি বর্গফুটে দাম বেড়েছে ২ টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা।
চামড়া সংরক্ষণে অব্যবস্থাপনা ঠেকাতে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে লবণ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য মাংস ব্যবসায়ী ও মাদ্রাসাসংশ্লিষ্টদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। পুরো কার্যক্রম বাস্তবায়নে সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
দেশীয় চামড়া শিল্প রক্ষা এবং চামড়া পাচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মাঠপর্যায়ে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।