
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই আকদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আকদ শেষে আজ সন্ধ্যার পর রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল আনুষ্ঠানিকতা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সামাজিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট পেশাজীবীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার পৈত্রিক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি এবং রুকসানা পারভীন আসমার মেয়ে।
উল্লেখ্য, ডা. আনিকার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।