
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করলেও, দুই দেশের আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে মনে করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হলো এমন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, যাতে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তবে নির্ধারিত সীমার মধ্যে থেকে পর্যাপ্ত অগ্রগতি হচ্ছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন বলে মন্তব্য করেন তিনি।
একই দিনে সংবাদ সম্মেলনে ভ্যান্স আরও জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা এগোচ্ছে এবং ইরানের হাতে পারমাণবিক অস্ত্র না থাকার বিষয়ে তিনি ট্রাম্পের অবস্থানের সঙ্গে একমত।
এদিকে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত এবং এ বিষয়টি ‘মীমাংসিত’। ইরানি সংবাদমাধ্যমের বরাতে তিনি জানান, ভবিষ্যতে ইরানের নীতি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার দিকেই গুরুত্ব দেবে।
অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেয়, আটকে থাকা অর্থ ফেরত দেয় এবং যুদ্ধ বন্ধ করে, তাহলে তেহরান হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত।