
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে দর্শকপ্রিয়তা পাওয়ার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিনেমা ‘দম’। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি আগামী ২০ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে। বুধবার চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ মে রাত ১২টার পর দেশ-বিদেশের দর্শকেরা প্ল্যাটফর্মটিতে সিনেমাটি উপভোগ করতে পারবেন। ব্যস্ততা বা দূরত্বের কারণে যারা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারেননি, তারা এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সহজেই ‘দম’ দেখতে পারবেন।
নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। ঈদের আনন্দে পরিবার নিয়ে ঘরে বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।’
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিলের ভাষ্য, প্রেক্ষাগৃহে দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে সিনেমাটি এবং ওটিটিতে মুক্তির ফলে বিদেশে থাকা দর্শকদের জন্যও দেখার সুযোগ তৈরি হলো।
আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’-এ অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। সিনেমাটির চিত্রনাট্যে রেদওয়ান রনির সঙ্গে কাজ করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।