
জনপ্রিয় ও ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনীর সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত
দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনীর সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।বুধবার প্রতিষ্ঠানের মালিকপক্ষের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সেবা প্রকাশনীর অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানে বিভিন্ন অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। চলমান এই অনিয়ম খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু অডিট কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অডিট প্রক্রিয়া সম্পন্ন করার স্বার্থেই প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
২০২২ সালের ১৯ জানুয়ারি প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পর থেকেই পাঠকপ্রিয় এই প্রকাশনা সংস্থাটির কার্যক্রমে কিছুটা স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছিল। বর্তমান পরিস্থিতি ও কার্যক্রম স্থগিতের বিষয়ে কাজী শাহনূর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানের উপদেষ্টা ও কাজী মাইমুর হোসেনের স্ত্রী মাসুমা মাইমুর এই সিদ্ধান্তের নেপথ্যের কারণগুলো স্পষ্ট করেছেন।
মাসুমা মাইমুরের ভাষ্যমতে, এই সিদ্ধান্তের পেছনে কোনো পারিবারিক দ্বন্দ্ব বা সংঘাত নেই বরং পারিবারিকভাবে আলোচনার ভিত্তিতেই প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, কাজী আনোয়ার হোসেনের দুই পুত্র কাজী শাহানূর হোসেন ও কাজী মাইমুর হোসেন বর্তমানে প্রতিষ্ঠানের সমান অংশীদার। ছোট ভাই কাজী মাইমুর হোসেন অসুস্থ থাকায় বড় ভাই শাহানূর হোসেনই দেখভাল করছিলেন। কিন্তু তার সরলতার সুযোগ নিয়ে প্রতিষ্ঠানের এক শ্রেণির কর্মকর্তা ও কর্মচারী অনিয়ম এবং দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
গত ছয় মাস ধরে চালানো এক গোপন অনুসন্ধানে দেখা গেছে, বাংলাবাজারসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে বই বিক্রির অর্থ মূল তহবিলে জমা না দিয়ে কৌশলে সরিয়ে ফেলা হচ্ছিল। এছাড়া অভ্যন্তরীণ নানা বিশৃঙ্খলার কারণে সাম্প্রতিক কিছু নতুন প্রকল্পও ব্যর্থ হয়েছে। এসব বিষয় নিশ্চিত হওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
ইতিমধ্যেই এই অনিয়মের বিষয়ে রাজধানীর রমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মাসুমা মাইমুর জানিয়েছেন, খুব দ্রুতই অডিট কার্যক্রম শুরু হবে এবং সব প্রক্রিয়া শেষ করে সেবা প্রকাশনী আবার নতুন উদ্যমে পাঠকদের মাঝে ফিরে আসবে। এই সংকটকালীন সময়ে তিনি পাঠকদের ধৈর্য ধরে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।