
ফাইল ছবি
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মো. খাদেমুল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে ওই নিহত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ।
নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলীমারি ক্যাম্পের টহল দল গুলি চালায় এবং এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। পরে গুরুতর অবস্থায় তাকে রংপুরের একটি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদেমুল।
অন্যদিকে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিকভাবে বিএসএফ বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও পরে সম্পৃক্ততা অস্বীকার করেছে। বিএসএফের দাবি, ওই রাতে তাদের কোনো সদস্য গুলি চালাননি এবং অস্ত্র পরীক্ষা করেও ফায়ারের আলামত মেলেনি।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একই সঙ্গে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।