
ভি ডি সতীশান
ভারতের কেরালা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সতীশানের নাম ঘোষণা করেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লিতে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। কয়েকদিনের জল্পনা-কল্পনা, দফায় দফায় বৈঠক এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আলোচনার পর শেষ পর্যন্ত সতীশানের নাম চূড়ান্ত করা হলো।
গত ৪ মে অনুষ্ঠিত কেরালা বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) টানা এক দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে জয় পায়। তবে ফল ঘোষণার পর অন্যান্য রাজ্যে দ্রুত সরকার গঠন হলেও কেরালায় মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে দীর্ঘ অপেক্ষা তৈরি হয়। এতে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়।
দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কংগ্রেসের কেরালা দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাস মুন্সী বলেন, কেরালার কংগ্রেস লেজিসলেটিভ পার্টির বৈঠকে সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতিকে নেতা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়। এরপর কংগ্রেস সভাপতি, সংসদীয় দলের নেতা সোনিয়া গান্ধী, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা শেষে ভি ডি সতীশানকে কংগ্রেস লেজিসলেটিভ পার্টির নেতা হিসেবে মনোনীত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী দৌড়ে ছিলেন আরও দুই নেতা
কেরালার মুখ্যমন্ত্রী পদের জন্য শুরু থেকেই তিনজন নেতার নাম সবচেয়ে বেশি আলোচনায় ছিল। তারা হলেন ভি ডি সতীশান, কে সি ভেনুগোপাল এবং রমেশ চান্নিথালা।
দলীয় সূত্রে জানা যায়, কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) বর্তমান ও সাবেক নেতারা দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে বৈঠক করেন এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী নিয়ে মতামত দেন। শেষ পর্যন্ত সাংগঠনিক গ্রহণযোগ্যতা, জোটসঙ্গীদের সমর্থন এবং জনসমর্থনের বিষয় বিবেচনা করে সতীশানের নাম চূড়ান্ত করা হয়।
কে এই ভি ডি সতীশান?
ভি ডি সতীশান কেরালার কংগ্রেস রাজনীতির অত্যন্ত পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনীতিতে সক্রিয় এবং বামফ্রন্ট সরকারের সময়ে কেরালা বিধানসভায় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন।
সাম্প্রতিক নির্বাচনে তিনি এরনাকুলাম জেলার পারাভুর আসন থেকে জয়ী হয়েছেন। তিনি একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের মধ্যে তার শক্ত অবস্থান রয়েছে।
শুধু কংগ্রেস নয়, ইউডিএফ জোটের অন্যান্য দলের মধ্যেও সতীশানের গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।