
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা
দীর্ঘদিন ধরে লাইমলাইটের আড়ালে থাকার পর অবশেষে ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে পর্দায় তার এই প্রত্যাবর্তন ভক্তদের মনে আনন্দের চেয়ে বেশি কৌতূহল আর আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তার চেহারার দৃশ্যমান পরিবর্তন দেখে সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী কি নতুন করে আবারও প্লাস্টিক সার্জারি করিয়েছেন?
টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন আনুশকা। সেই বিজ্ঞাপনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নজরে আসে তার লুক। ভিডিওটি দেখে অনেক ভক্তই চমকে গিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন যে তার মুখটা এখন আর আগের মতো স্বাভাবিক লাগছে না, আবার কারো ধারণা এটি হয়তো কোনো এডিট বা সার্জারির ফল। অনেকের মতে, দীর্ঘ আট বছর বড় পর্দা থেকে দূরে থাকায় তার চেহারায় বয়সের ছাপ পড়েছে।
অবশ্য এই সমালোচনার বিপরীতে অনেক অনুরাগী আনুশকার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, আনুশকা এখন দুই সন্তানের জননী এবং সন্তান হওয়ার পর একজন নারীর চেহারায় পরিবর্তন আসাটা খুবই স্বাভাবিক। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারছেন না এক সময়ের ‘রাব নে বানা দি জোড়ি’র সেই মিষ্টি মেয়েটির ভক্তরা। তাদের আক্ষেপ, তারা আগের সেই চেনা আনুশকাকেই পর্দায় ফিরে পেতে চান।
বর্তমানে সংসার এবং সন্তানদের নিয়ে ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর। তার মেয়ে ভামিকা এখন পাঁচ বছরে পা দিয়েছে এবং ছেলে অকায় আগামী ফেব্রুয়ারিতে দুই বছর পূর্ণ করবে। সন্তানদের প্রচারের আড়ালে রাখতে স্বামী বিরাট কোহলিকে নিয়ে গত দেড় বছর ধরে লন্ডনেই বসবাস করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এই তারকা দম্পতি এখন নিয়মিত আধ্যাত্মিক চর্চাতেও মন দিয়েছেন, যার প্রমাণ মেলে মাঝেমধ্যে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে তাদের উপস্থিতিতে।
ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ দিয়ে তার ফেরার কথা থাকলেও সিনেমাটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ায় বড় পর্দায় তার ফেরা এখনও আটকে আছে। গত কয়েক বছর বলিউডের বড় কোনো অনুষ্ঠান বা পুরস্কার বিতরণীতে তাকে দেখা না যাওয়ায় তার অভিনয় জীবনের ভবিষ্যৎ নিয়ে জোরালো গুঞ্জন চলছে চলচ্চিত্র পাড়ায়।