
ফাইল ছবি
দেশের প্রবাসী আয়ে বা রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এই আয় ৩৭.৫ শতাংশ বেশি। গত বছর এই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল ১৩ মে এক দিনেই প্রবাসীরা ১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। মূলত বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা এবং ডলারের বিনিময় হার পুনর্নির্ধারণের প্রভাবেই আয়ের এই গতি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত সময়ে দেশে মোট ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২০.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে প্রবাসীদের এই ব্যাপক সাড়া দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।