
আগামী ১৮ মে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে জানা গেছে
কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেস নেতা ভি ডি সাথীশনের নাম চূড়ান্ত হয়েছে। আগামী ১৮ মে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সাথীশনসহ কংগ্রেসের শীর্ষ নেতারা কেরালার গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে সমর্থনের চিঠি জমা দেন বলে পিটিআই সূত্রে জানা গেছে। এর মধ্য দিয়ে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর টানা প্রায় ১০ দিনের জল্পনার অবসান হলো।
গত ৪ মে ঘোষিত নির্বাচনের ফলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) কেরালায় জয় পায়। এর মাধ্যমে টানা এক দশকের বাম শাসনের অবসান ঘটে রাজ্যে।
তবে নির্বাচনের ফল প্রকাশের পর অন্য রাজ্যগুলো দ্রুত নতুন মুখ্যমন্ত্রী ও সরকার গঠন করলেও, কেরালায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে দেরি হওয়ায় রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছিল।
মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) একাধিক নেতা এবং দলের সাবেক রাজ্য সভাপতিরা দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন।
মুখ্যমন্ত্রী পদের দৌড়ে ভি ডি সাথীশনের পাশাপাশি রাজ্যের দুই সিনিয়র কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল ও রমেশ চেন্নিথালার নামও আলোচনায় ছিল।